Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি, জরিমানা আদায়

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা চত্বর, ভানুগাছ বাজার রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি  ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত দ্রব্য মিশ্রণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে আধা-বিচারিক সরকারি এ সংস্থাটি।

বৃহস্পতিবার ১৩ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা চত্বর, ভানুগাছ বাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেল ও রেস্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি  ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত দ্রব্য মিশ্রণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলা চত্বরে অবস্থিত  আল হেলাল বিরিয়ানিকে ৩ হাজার টাকা, শাহজালাল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, বাপ্পী এন্ড রাহী ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.