Sylhet Today 24 PRINT

নেটওয়ার্ক বিড়ম্বনায় অতিষ্ঠ গ্রাহক, সমাধানের আশ্বাস টেলিযোগাযোগ মন্ত্রীর

জুড়ী প্রতিনিধি  |  ১৪ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকরা। টাকা দিয়ে সিমে এমবি কিনে মোবাইল, কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না তারা। উপজেলার পূর্ব জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বেশির ভাগ মানুষ ইন্টারনেট সেবার পাশাপাশি মোবাইলের নেটওয়ার্ক থেকেও বঞ্চিত।

পূর্ব জুড়ীর বিনন্দ পুর, গোবিন্দপুর, দূর্গা পুর, জামকান্দি, কালাছড়া, শুকুবস্থি, বাহাদুর কোনা, গোয়াল বাড়ি ইউনিয়নের কুচাই চা বাগান, কুচাই জালাই, হায়াছড়া, বেলবাড়ি কয়লার থল, শুকনাছড়া গ্রামের মানুষ সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাচ্ছেন মোবাইল ফোন ব্যবহারে।

গত মঙ্গলবার ও বুধবার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এসব এলাকার মানুষের পক্ষে নেটওয়ার্কের সমস্যা থেকে সমাধানের জন্য ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ ও মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজের কাছে লিখিত চিঠি প্রেরন করেন।তার এই চিঠির প্রেক্ষিতে বুধবার  টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভায় নেটওয়ার্ক সমস্যা সমাধানের বিষয়ে প্রদক্ষেপ গ্রহণের কথা আলোচনা হয় বলে জানা গেছে।

জায়ফর নগর গ্রামের বাসিন্দা, শিলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম কামন বলেন, দীর্ঘদিন আমাদের এলাকায় গ্রামীন ফোনের টাওয়ার ছিল না,আবেদনের প্রেক্ষিতে টাওয়ার হলে ও নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়নি। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে সবকিছুর মত নেটওয়ার্ক ও অন্ধকার হয়ে যায়। অনেকবার আমরা তাদের অফিসে অভিযোগ করেছি,কোন সমাধান হয়নি।
পুর্ব জুড়ী ইউনিয়নের সদস্য শিবাকান্ত গোয়ালা  জানান, পূর্ব জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নেটওয়ার্ক বঞ্চিত । তারা বিদেশে কথা বলতে হলে ঘরের বাহিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কথা বলে।এসব এলাকার মানুষকে ইন্টারনেট সেবা থেকে বাহিরে রেখে ডিজিটাল বাংলাদেশ গঠন সম্ভব হবে না।দ্রুত নেটওয়ার্ক স্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.