সিলেটটুডে ডেস্ক | ১৭ এপ্রিল, ২০২৩
আগামী ৬ মে শনিবার বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে।
রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩নং হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোকসভা সফলের লক্ষ্যে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট মহীতোষ দেব, মাহমুদুর রহমান ওয়েছ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য অ্যাডভোকেট রণেন সরকার রনি, ফ. থামোয় সিংহ প্রমুখ।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধা ডা. জাফরউল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় লন্ডনের রয়াল কলেজ ও সার্জনসে এফআরসি ডিগ্রিতে পড়াকালীন চূড়ান্ত পর্ব শেষ না করে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। নিজে একজন চিকিৎসক হওয়ায় তিনি সহযোদ্ধাদের সাথে নিয়ে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করেন। ডা. জাফরুল্লাহ ছিলেন একই সাথে একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সমাজসেবক ও রাজনৈতিক স্পষ্টভাষী ও সময়ের সাহসী সন্তান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার কণ্ঠ। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিককে হারাল।
সভায় অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামকে আহ্বায়ক ও আবু জাফরকে সদস্য সচিব করে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে শোকসভা কমিটি, সিলেট গঠন করা হয়।