Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে শাশুড়িকে হত্যা, মেয়ের জামাই গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ১৮ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জে শাশুড়িকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় জড়িত থাকায় বাহারাম মিয়া নামক এক মেয়ের জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার লাউরগড়ের ঢালারপাড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

বাহারাম জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সরূপগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকালে উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব মেরুয়াখলা গ্রামে বাড়ির সামনে রবি মিয়ার স্ত্রী আলেহা খাতুনের সঙ্গে তারই উপজেলার সরূপগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে বাহারাম মিয়া ও পূর্ব মেরুয়াখলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোস্তফা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে মেয়ের জামাতা বাহারামের হাতে থাকা ছুরি দিয়ে শাশুড়িকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে ফেলে রেখে চলে যায়।

চিৎকার শুনে গ্রামের পাড়াপ্রতিবেশীরা এগিয়ে এসে আলেহা খাতুনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবি মিয়া বাদী হয়ে মঙ্গলবার দুই মেয়ের জামাতা বাহারাম মিয়া ও মোস্তফা মিয়ার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি মো. সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.