Sylhet Today 24 PRINT

সিসিক নির্বাচনে এক তৃতীয়াংশ প্রার্থীই বিএনপির: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক তৃতীয়াংশ প্রার্থীই তাদের। সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয়।

শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। সকাল সাড়ে ৮ টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, এ ব্যাপারে বিশ্বের সকল দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সকল রোহিঙ্গা তাদের দেশে ফিরবে।

এদিকে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। শাহী ঈদগাহ ময়দানে ঈদেও জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র আরিফুল হক  চৌধুরী আবারো বলেছেন, তার দল নির্বাচনে যাবে না। তবে নগরের মানুষজনের সাথে আলাপ করে তিনি দ্রুতই নিজের সিদ্ধান্ত জানাবেন।

শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজ পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমি।

নামাজ আদায়ের জন্য নগরীর বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। সব বয়সী মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরমধ্যে হযরত শাহজালাল (র.) দরগা জামে মসজিদ, হযরত শাহপরান (র.) মাজার জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদ, জজ কোর্ট জামে মসজিদ, নগরীর কালীঘাট নবাবী জামে মসজিদ, টুকের বাজার শাহী ঈদগাহ, আখালিয়া নবাবী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে সিলেট মহানগরীতে এবার মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে ৪৪৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.