Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ঈদের নামাজে জুতা হারানো নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

দোয়ারাবাজার প্রতিনিধি: |  ২২ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ঈদের নামাজের সময় মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক দোয়ারাবাজার উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে কাশেম মিয়া (৩০)।

শনিবার সকালে ঈদের নামাজের পর এই সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জনকে আটক করেছে পুলিশ। আহতরা সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঈদের নামাজের পর এক বাচ্চার জুতা হারিয়ে যায়। জুতা হারানোকে কেন্দ্র করে একই গ্রামের শান্ত মিয়া এবং রহমত আলীর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হয় শান্ত মিয়ার নাতি কাশেম। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, ‘ঈদের দিন সকালে নামাজের পর বাচ্চার জুতা হারানো নিয়ে শান্ত মিয়া ও রহমত মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় সিলেট হাসপাতালে একজন মারা যায় বিকালে। ঘটনাস্থল থেকেই উভয় পক্ষের ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.