Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ আটক ১০

চুনারুঘাট প্রতিনিধি: |  ২৪ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে জুয়ার আসরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে ৫টায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলী রহমান (৬০), একই ইউনিয়নের মো. ছায়েদ আলী (৩৭), মহরম আলী (৬৮), গোছাপাড়া গ্রামের ছায়েদ আলী (৫৪), কালামন্ডল গ্রামের সাদেকুর রহমান (৩৭), মো. আবুল কালাম (৫০), বাবুল মিয়া (২৯), মো. ফজুল হক (৩৫), মতলিব মিয়া (৬৪), গঙ্গানগর গ্রামের ফজলু মিয়া (৬৪)।

জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই সনজীত ও এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া তালুকদার বাড়ির নুরুল হকের গোয়াল ঘরের জুয়ার আসরে অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে আটক এবং জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৪ হাজার ৯৯৫ টাকা জব্দ করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি পালিয়ে যায়।

এই তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।

ওসি বলেন, ‘মাদক ও জুয়া নির্মূল করতে পাড়া-মহল্লায় পুলিশের বিশেষ অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন থেকে ১০ জুয়াড়িকে আটক করা হয়। রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আবু নাসের বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জুয়ার আসর থেকে গ্রেপ্তার আলী রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.