Sylhet Today 24 PRINT

সিলেটে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২৩

সিলেটসহ দেশের আট বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যে কারণে দেশের ১৯ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবাতায় বলা হয়েছে, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

এছাড়া দেশের সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার কথাও বলা হয়েছে পূর্বাভাসে।

এদিকে বৃষ্টিপাতের কারণে দেশের ১৯ জেলার নদীবন্দরগুলোকে সর্তক থাকতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুস্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং  ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে কমতে পারে রাতের তাপমাত্রা। আর এই পরিস্থিতি থাকবে আরও দুইদিন। ৭২ ঘণ্টা পর বাড়তে পারে তাপমাত্রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.