নিউজ ডেস্ক | ০৪ জানুয়ারী, ২০১৬
সিলেটসহ সারাদেশে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় সিলেট নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। ভোরে ভূমিকম্পের সময় লোকজন বাসা-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
সোমবার ভোর ৫টা ৬ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্তিক জরিপ থেকে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
এদিকে, ভারত-মিয়ানমার সীমান্তের কাছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলাদেশের সিলেটে হুড়োহুড়ি করে বাসা থেকে বের হওয়ার চেষ্টায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশিষ সিনহা।
তিনি জানান, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ভূমিকম্পের পর সাড়ে ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসতে শুরু করেন স্থানীয়রা।
তাদের সবাই ভোর রাতে তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন বলে জানান এই চিকিৎসক।
তবে এ সংখ্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সংখ্যা। এরবাইরে অনেকেই আহত হয়েছেন বলে বিভিন্ন অসর্থিত সূত্রে প্রকাশ।