Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের আগুনে পুড়েছে ৩ একর এলাকার গুল্মলতা

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জের ত্রিপুরা সীমান্তবর্তী কুরমা বনবিটে আগুনে প্রায় তিন একর এলাকার বাঁশসহ গুল্মলতা পুড়ে গেছে।

সোমবার সন্ধ্যায় কুরমা বনবিটের সুনারায় বাঁশবাগানের হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হামহাম জলপ্রপাত ঘুরে আসা এক পর্যটক বলেন, সড়কের পাশে বনের প্রচুর জায়গাজুড়ে আগুন লেগেছিল। ওই সড়ক দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর বন থেকে বেরিয়ে আসেন তাঁরা। আগুনে অনেক গাছের গোড়া পুড়ে গেছে।

কুরমা বনবিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, সোমবার সন্ধ্যার ওই বাঁশবাগানে আগুন লাগে। খবর পেয়ে বনকর্মী ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বনের প্রায় তিন একর এলাকার লতাগুল্ম–জাতীয় গাছ পুড়ে গেছে। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি।

ওই পথ দিয়ে যাওয়ার সময় কোনো পর্যটকের ছুড়ে ফেলা জ্বলন্ত সিগারেট থেকে এ আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আগুনে বনের একটা অংশের পাতা ও লতাগুল্ম–জাতীয় গাছ পুড়ে গেছে। বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.