Sylhet Today 24 PRINT

ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক ভিডিও, আটক ২

বানিয়াচং প্রতিনিধি: |  ২৬ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে মানহানিকর টিকটক ভিডিও তৈরির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে বানিয়াচং থানা পুলিশের এসআই মনিরের নেতৃত্বে উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের সাগর দিঘীর পশ্চিমপাড়ের মিলাদ (১৬)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত দুইজন দেশের তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে। সম্প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় আটক করে তাদেরকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.