Sylhet Today 24 PRINT

সিটি নির্বাচনে কোন চ্যালেঞ্জ দেখছেন না আইজিপি

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২৩

আসন্ন সিটি করেপারেশন নির্বাচনকে ঘিরে কোন চ্যালেঞ্জ দেখছে না পুলিশ।

তবে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোন নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

 শুক্রবার হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন বাংলাদেশ পুলিশ প্রধান।

এরপর মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় করে নিজের মা বাবার কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোন চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যে কোন পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি  রয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছ। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো।

সিটি নির্বাচনের পূর্ব মূহূর্তে তিনদিনের সফরে বৃহস্পতিবার রাতে সিলেট আসেন আইজিপি। আজ ও কাল সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে।  খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.