Sylhet Today 24 PRINT

নির্বাচিত হলে সিলেট নগরে পরিকল্পিত উন্নয়ন উপহার দেবো: আনোয়ারুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২৩

নৌকা মার্কায় ভোট দিলে জননেত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়ন উপহার দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, নৌকা যেমন স্বাধীনতার প্রতীক তেমনি উন্নয়নের প্রতীক। জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বিগত দিনে দু’হাতে টাকা দিয়েছেন। অথচ উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। যথাযথভাবে উন্নয়ন হলে সিলেট নগর একটি পরিকল্পিত নগরে পরিণত হতো।

আনোয়ারুজ্জামান চৌধুরী শুক্রবার নগরীর ১৬নং ওয়ার্ডের চারা দিঘীরপাড় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় তিনি নৌকার পক্ষে মুসল্লিদের কাছে দোয়া চান।

মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান আরও বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে আগামীতে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। সিলেটকে একটি স্মার্ট নগরে পরিণত করার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আখতার হোসেন, সাধারণ সম্পাদক আহমেদ হান্নান, ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর প্রমুখ।

এদিকে, জুমার নামাজ আদায়ের পর নগরীর মানিক পীর (রহ.) মাজারস্থ কবরস্থানে সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদরউদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি সাবেক মেয়রের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.