Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের একটি খাল থেকে শুক্রবার পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রায়পুর কবরস্থানে দাফন করা হয়েছে।

দাফনের বিষয়টি শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জনা যায়, শুক্রবার বিকালে পাগলা বাজার সংলগ্ন টিএন্ডটি অফিসের পাশে লাউয়া খালে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক শিশুর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশের ধারণা, ছেলে শিশুটির বয়স একদিন হবে। পেটের সাথে নাড়ী লাগানো ছিলো।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারের তত্ত্বাবধানে লাশটি রায়পুর কবরস্থানে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.