Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি মো. দেলোয়ার হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. দেলোয়ার হোসেন উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা গ্রামের আবদুল গফুরের পুত্র।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা সহ মোট ৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই আহমদ হোসেন সুমন নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মো. দেলোয়ার হোসেনকে পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তিনটি মামলার পরোয়ানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.