Sylhet Today 24 PRINT

মাদ্রাসার টিউবওয়েল চুরি করতে গিয়ে আটক শ্যালক-দুলাভাই

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে একটি মাদ্রাসার টিউবওয়েল চুরি করতে গিয়ে আটক হয়েছেন দুইজন। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।

বৃহস্পতিবার রাতে উপজেলার উবাহাটা ইউনিয়নে ঘটনাটি ঘটে। আটকরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া (কলিম নগর) এলাকার জিতু মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮), তার শ্যালক বিরামচর এলাকার আলফু মিয়ার ছেলে ওস্তার মিয়া (২৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউপির উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার টিউবওয়েল চুরি করে একটি ব্যাটারি চালিত অটো রিকশাযোগে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, এই ঘটনায় মাদ্রাসার নিরাপত্তা প্রহরী মর্তুজ আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করে।

শুক্রবার বিকেলে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.