Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২৩

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য এবং দাবি আদায় না হলে মে মাসের ৩ তারিখ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত প্রশাসনকে জানানো হয়। কিন্তু প্রশাসন আমাদের দাবি না মানায় এবং কোনো সুরাহা না করায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে ৩ মে এসএসসি পরীক্ষা থাকায় ৪ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি মো. আনেয়ার হোসেন ও দফতর সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.