Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে উপনির্বাচন: জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জগন্নাথপুর প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টির আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালি সিতু, স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ ও সৈয়দ তালহা আলম।

এ বিষয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান বলেন, ‘আমি আপিল করে মনোনয়নপত্র বৈধ করার চেষ্টা করব।’

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.