Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ১ মাসে ৬ খুন, ওসির বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গত এক মাসে ৬টি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) কারো সঙ্গে সমন্বয় করেন না বলেও অভিযোগ আনা হয়।

রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সদস্যগণ উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এতে সভাপতিত্ব করেন।

এপ্রিল মাসে ৬টি খুনের ঘটনাসহ গ্রাম্য দাঙ্গা বৃদ্ধির ফলে উপজেলা আইন শৃঙ্খলার উন্নতিকল্পে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সভায় দাঙ্গা কবলিত এলাকার মানুষদের নিয়ে যৌথ সভা, নোটিস জারির মাধ্যমে সকল প্রকার দেশীয় অস্ত্র নিষিদ্ধকরণ ও আপোষের মাধ্যমে হত্যা মামলা নিষ্পত্তি না করাসহ সমন্বয় বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও সামাজিক অবক্ষয় রোধে মসজিদ-মন্দির ও সকল ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের প্রতি আলোচনা করার আহবান জানানো হয় সভায়।

এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বকালের রেকর্ড ভঙ্গ করে এপ্রিল মাসে দাঙ্গায় বানিয়াচং উপজেলার ৬ জন খুন হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মাদক চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড দিনদিন বেড়েই চলেছে। এর কারণ বর্তমান অফিসার ইনচার্জ জনপ্রতিনিধিসহ কারোর সঙ্গে কোন ধরনের সমন্বয় করেন না।

তিনি বলেন, ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমন্বয়ের বিকল্প নেই। মনগড়াভাবে চলাফেরা করার কারণেই মূলত দিনদিন আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে।

বর্তমানে ইয়াবা ব্যবসায়ীসহ দাগী অপরাধীদের টাকার বিনিময়ে থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এর পূর্বে যত অফিসার ইনচার্জ থানায় যোগদান করেছেন তাদের কারোর সময় থানার সম্পর্কে এত অভিযোগ আমরা জনপ্রতিনিধিদের শুনতে হয়নি। তিনি কোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করার ও ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশীয় অস্ত্র ব্যবহারকারী ও তৈরিতে জড়িত সকলের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে নোটিস জারি করা হবে। এর পর থেকেই দেশীয় অস্ত্র তৈরিও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেন তিনি। এছাড়া খুনের ঘটনার কোন মামলা আপোষ মীমাংসা না করা, বানিয়াচং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে যে কোন একটি ইউনিয়নে প্রশাসনের পক্ষ থেকে একটি যৌথ সভা করা, মানুষ খুন করার অপরাধে ইহকাল ও পরকালে শাস্তির বিধান সম্পর্কে জুম্মার খুৎবায় বয়ান করতে ইমামদের চিঠি প্রধানসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়। এছাড়া অফিসার ইনচার্জ কোন ধরনের অপরাধ মূলক ঘটনা ঘটার পরে ও নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করেন না বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, ওসি (তদন্ত) মো. আবু হানিফ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মো. মিজানুর রহমান খান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, আব্দুল আহাদ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মো. ফরিদ মিয়া, মো. এরশাদ আলী, সাদিকুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, শাহ মাসউদ কুরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম ও শেখ মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.