Sylhet Today 24 PRINT

মাধবপুরে শিক্ষা কর্মকর্তার ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি: |  ০২ মে, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্যের ঘুষ-দুর্নীতির প্রতিকার চেয়ে ও কথিত হামলার মামলায় গ্রেপ্তার সৌরভ পাঠানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার কৃষ্ণনগর গ্রামের লোকজন।

আজ মঙ্গলবার (২ মে) বিকেল ৫ টার সময় মাধবপুর উপজেলা পরিষদের বিপরীত দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জাকির হোসেন, সৌরভ পাঠানের মা মিনুয়ারা বেগম, ছুট্টো ভুইয়া, আলী আমজাদ পাঠান, শিরু মিয়া, হিরা মিয়া, সুমন খান, বাদল মিয়া, জরিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ‘দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্যের ঘুষ-দুর্নীতির শিকার শিক্ষিকা আফরিনা আজিজুন্নাহার ও তার চার বান্ধবী। বদলীর রিলিজ স্লিপে স্বাক্ষর দেওয়ার নাম করে মোটা অংকের টাকা গ্রহণ ও তাদের সাথে খারাপ আচরণের প্রতিবাদ করেন আফরিনার ভাই সৌরভ পাঠান। এনিয়ে কথাকাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মিথ্যা মামলার মামলা দিয়ে সৌরভকে হয়রানির প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচী।’

তারা আরও বলেন, ‘শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্যের সাবেক কর্মস্থলসমূহে খোঁজ নিলে তার অনেক অপকর্মের খবর বেরিয়ে আসবে। উন্মোচিত হবে তার মুখোশ। আমরা সৌরভ পাঠানের মুক্তির দাবি এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.