নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারী, ২০১৬
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যেতে রাজী না হওয়ায় এমসি কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠেছে। মারধরের শিকার একজন সিলেট জেলা ছাত্র ইউনিয়নের কর্মী।
সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২ টায় এমসি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো ছাত্রলীগের টিলাগড়কেন্দ্রিক একটি গ্রুপ। এসময় এমসি কলেজ অডিটোরিয়ামের সামনে বসা ছিলেন ওই কলেজর ছাত্র নিখিল চন্দ ও শুভ্র তালুকদার।
মিছিল শুরুর আগে ছাত্রলীগ কর্মীরা তাদের দু'জনকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান। এতে তারা রাজী না হলে প্রথমে কথা-কাটাকাটি হয়, পরে ছাত্রলীগ কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ করেন নিখিল চন্দ।
এদিকে নিখিল চন্দকে নিজেদের কর্মী দাবি করে এই হামলার নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়নের সিলেট জেলা ও এমসি কলেজ সংসদ।