Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দুটি তক্ষক উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ মে, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার থেকে গত মঙ্গলবার রাতে দুটি তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। পরে এগুলো রাত ৮টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

জানা যায়, টিলাবাজারের মহব্বত আলীর বাসায় স্থানীয় একজন শিক্ষক পরিবার নিয়ে বাসা ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসায় শিশুরা খেলা করার সময় দেয়ালের মধ্যে টিকটিকির মতো দুটি প্রাণি দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে হানিফ মিয়া নামে স্থানীয় যুবক এসে এগুলো আটক করেন। পরে প্রাণি দুটি তক্ষক নিশ্চিত হওয়ায় পর মৌলভীবাজার বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগ তক্ষক দুটি উদ্ধার করে রাত ৮টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

টিলাবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাচ্চাদের চিৎকার শুনে বাজারের লোকজন বাসায় ছুটে যান। তখন হানিফ মিয়া কাপড়ের সাহায্যে হাত দিয়ে তক্ষক দুটি ধরেন। পরে বনবিভাগের একটি টিম রাত ৮টায় এসে খাঁচায় বন্দি করে তক্ষক দুটি নিয়ে যান।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত তক্ষক দুটি সুস্থ থাকায় রাতেই লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.