Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে শিক্ষিকাকে কুপ্রস্তাব, অফিস সহকারী স্ট্যান্ড রিলিজ

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৪ মে, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে বুধবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

স্থানীয় ও উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, কুপ্রস্তাব দিয়ে হয়রানি করার অভিযোগে ওই শিক্ষিকা বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মঙ্গলবার রাতে অভিযোগ করেন। পরিপ্রেক্ষিতে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে জগন্নাথপুর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনকে আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস এবং জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারকে সদস্য করা হয়।

তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন বলেন, ‘তদন্তের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমরা দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছি।’

অফিস সহকারীকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।

জগন্নাথপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, ‘উপজেলার একটি সরকারি প্রাথমিক স্কুলের এক শিক্ষিকাকে আব্দুল কুদ্দুস কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ করা হয়েছে। এর প্রেক্ষিতে তাকে বদলি করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.