Sylhet Today 24 PRINT

রাতে খেয়ে কোয়ার্টারে ঘুম, ভোরে মিলল লাশ

মাধবপুর প্রতিনিধি: |  ০৪ মে, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেজুড়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হেলাল কুমিল্লার চান্দিনার পূর্ব রামচন্দ্রপুর বড় বাড়ির প্রয়াত আব্দুর রহিমের ছেলে। তিনি বেজুড়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ডভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন।

মাধবপুর থানার ডিউটি অফিসার উপ পরির্দশক (এসআই) সুজন শ্যাম বলেন, ‘বুধবার এশার নামাজ আদায় করে রাতে হেলাল উদ্দিন কোম্পানির স্টাফ কোয়ার্টারে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে হেলালের সহকারী নামাজ পড়ার জন্য তাকে ডাকতে যান। গিয়ে দেখেন তার কোনো সাড়াশব্দ নেই। পরে দরজা ভেঙে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।’

এসআই সুজন শ্যাম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.