Sylhet Today 24 PRINT

ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে শ্যালিকা নিয়ে দুলাভাই উধাও

দোয়ারাবাজার প্রতিনিধি: |  ০৫ মে, ২০২৩

বিয়ের ৭ মাসের মাথায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে শ্যালিকাকে নিয়ে পালিয়েছে দুলাভাই। এদিকে গর্ভের সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বড় বোন। এ ঘটনায় তার ছোট বোন নিখোঁজ উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ মাস পূর্বে বিয়ে করেন একই ইউনিয়নের পূর্ব ঘিলাতলি গ্রামের রিয়ান উল্লাহর ছেলে হরুফ আলী (২৮)। গত ১৭ এপ্রিল সন্ধ্যায় স্ত্রীকে নিজ বাড়িতে রেখে শ্বশুরবাড়িতে বেড়াতে যান হরুফ আলী। এ সময় ঈদের মার্কেট করার কথা বলে শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান দুলাভাই।

এদিকে মেয়ে নিখোঁজ উল্লেখ করে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন পিতা।

সূত্র জানায়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে গত বছরের অক্টোবর মাসে বড় বোনকে নিয়ে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেন হরুফ আলী। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের সাত মাসের মাথায় শ্যালিকাকে নিয়েও পালিয়ে যায় হরুফ আলী।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা হরুফ আলীর বাড়িতে উপস্থিত হলে তার দরজায় তালা ঝুলানো দেখতে পাওয়া যায়। এ সময় গ্রামের লোকজন জানান, হরুফ আলী একজন দুষ্ট প্রকৃতির লোক। এর আগেও এভাবে একাধিক ঘটনা করেছে সে। সম্ভ্রমহানির ভয়ে এলাকার মেয়েরা রাস্তায় একা বের হতে সাহস পায় না।

দুই মেয়ের পিতা ফয়জুল হক জানান, আমি ভিক্ষা করে এলাকাবাসীর সহযোগিতায় চার ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবনযাপন করছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

হরুফের অন্তঃসত্ত্বা স্ত্রী বলেন, আমার পাঁচ মাসের গর্ভজাত সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হন্তারক হরুফ আলীকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.