Sylhet Today 24 PRINT

নগরে প্রার্থীদের ব্যানার-পোস্টার অপসারণে অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পক্ষে নগরের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও দোয়া চেয়ে নির্মাণ করা তোরণ, টানানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারনে নেমেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। শনিবার (৬ মে) সকাল ১১টার দিকে সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন অফিস থেকে ৪টি টিম শহরের বিভিন্নস্থানে এ অভিযান শুরু করে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এছাড়াও সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, ‘আজ থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে। এতে পুলিশ, আনসার, সিটি করপোরেশন সহযোগীতা করছে। এই অভিযান অব্যাহত থাকবে। এরআগে  আমরা শহরের মাইকিং করেছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে জেল-জরিমানা করা হবে। তবুও যদি কেউ আইন না মানেন তাহলে ঐ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে।’

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে আগেভাগেই প্রচার শুরু করেন। তারা সভা, কুশল বিনিময় ও জুমার নামাজে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। কোনো কোনো প্রার্থী প্রকাশ্যে মতবিনিময় সভা করছেন। এসব অনুষ্ঠানে তারা দিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতিও।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১ জুন। এরপর শুরু হবে প্রচারণা, যা চলবে ভোট গ্রহণের এক দিন আগ পর্যন্ত।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.