Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে ডন

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৭ মে, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচন থেকে দলের বিদ্রোহী প্রার্থী হারুন রশীদ কে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।

 শনিবার (৬ মে) সন্ধ্যায় তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন রশীদ এর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের বাড়িতে গিয়ে উপ নির্বাচনে চেয়ারম্যান পদে তার মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেন। এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম সহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ ডনের অনুরোধের প্রেক্ষিতে বিদ্রোহী প্রার্থী হারুন রশীদ রোববার তাঁর সিদ্ধান্ত জানাবেন বলে জানান। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক  চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জাব্বার, কৃষি বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালিক আহমেদ পীর সহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন বলেন, সিলেট সিটি করপোরেশন মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় এসে জানতে পারলাম আমার এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে হারুন রশীদ মনোনয়ন দাখিল করেছেন।আমি নৌকার প্রার্থী কে সঙ্গে নিয়ে তাকে বাড়িতে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে অনুরোধ করছি। আশা করছি নির্বাচন কমিশন ঘোষিত প্রত্যাহারের দিন তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.