Sylhet Today 24 PRINT

নগরীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: |  ১১ মে, ২০২৩

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে এক নারীর জিনিসপত্র ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক রিকশা চালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।

এসময় স্থানীয় জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (১০ মে) রাত ১০টার দিকে নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

আটক ছিনতাইকারীরা হচ্ছে- রিয়ান, শফিক ও সুমন।

স্থানীয়রা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশায় (সিলেট-থ-১২-৫৭৭৬) যাত্রীবেসে ছিনতাইকারীরা এক নারীর জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনাটি দেখে এক রিকশা চালক এগিয়ে এসে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ঘটনাটি দেখে স্থানীয়রা সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশা চালককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) শামীম আহমদ বলেন, ‘জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.