সিলেটটুডে ডেস্ক | ১৫ মে, ২০২৩
মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধ তদন্ত কার্যে সম্পৃক্ত কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসে আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মো. মাসুদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
মো. মাসুদ বিশ্বাস তার বক্তব্যে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার যুগপৎ কাজ করার মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধ নির্মূলে এবং একই সাথে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখায় অবদানের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।
চারটি ভাগে পরিচালিত প্রশিক্ষণ সেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধের ধরণ, ডিজিটাল প্লাটফরম ব্যবহারের মাধ্যমে এ সংশ্লিষ্ট অপরাধের প্রকৃতি ও পদ্ধতিগত অনুসরণ, আর্থিক অপরাধ অনুসন্ধানের তাত্ত্বিক ও ব্যবহারিক নিয়মাচার এবং সংগঠিত বিশেষ কিছু আর্থিক অপরাধের কেস স্টাডি প্রশিক্ষণার্থীদের মাঝে উপস্থাপন করা হয়।
এছাড়াও মাঠ পর্যায়ে আর্থিক অপরাধ তদন্ত ও দমনের সাথে জড়িত কর্মকর্তাদের এ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তরও দেয়া হয় কর্মশালাতে।
সকাল পৌনে ১০টায় শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের দুজন, বাংলাদেশ পুলিশের ২৫ জন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ৪ জন, দুর্নীতি দমন কমিশনের ১৫ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৪ জন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর ৫ জন এবং বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের পরিদর্শন বিভাগের কর্মকর্তাসহ মোট ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ রানা ও যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান।