Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাহিরপুরে যুবলীগের মিছিল

তাহিরপুর প্রতিনিধি |  ১৭ মে, ২০২৩

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে মিছিল, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে মিছিল পরবর্তী সভায় বক্তব্য দেন আলীনুর মেম্বার, রতন গাঙ্গুলী, নাজমুল হাসান, কালা চান, মইনুল হক, মেম্বার জয় রায়, অনির্বাণ দাস, আবুল বাসার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ৬ বছরের নির্বাসিত জীবন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার হাতে। পরে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.