Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধ বালুবাহী ট্রাক্টর আটক

মাধবপুর প্রতিনিধি |  ১৮ মে, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বুড্ডায় অবৈধভাবে বালু আহরণ ও পরিবহনের সময় ২টি বালুভর্তি ট্রাক্টর আটক করা হয়েছে।

বুধবার (১৭ মে) বিকালে বৈধ ঠিকাদারের লোকজন ট্রাক্টর দুটি আটক করে। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান। বর্তমানে বালুভর্তি ট্রাক্টর দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলে ঘটনাস্থলে অবস্থানরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) উজ্জল মোল্লা জানিয়েছেন।

জানা যায়, একটি প্রভাবশালী সিন্ডিকেটের লোকজন বৈধভাবে বালুমহালের বালু আহরণের অনুমতিপ্রাপ্ত মহালদারের এলাকা থেকে গত কয়েকদিন ধরে বালু আহরণ করে বিক্রি করে আসছে। বুধবার বালু পাচারকালে দুটি ট্রাক্টর আটক করা হয়।

ট্রাক্টর চালক আহাদ ও মামুন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে। তাদেরকে বেশি টাকার লোভ দেখিয়ে বালু পরিবহনের জন্য নিযুক্ত করা হয়েছে।

ঠিকাদার পারভেজ চৌধুরীর নিয়োজিত তত্ত্বাবধায়ক ফরিদ মিয়া জানান, একটি শক্তিশালী সিন্ডিকেট আমাদের বৈধ ক্ষেত্র থেকে বালু আহরণ করে নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমরা আজ (বুধবার) দুটি ট্রাক্টর আটক করি।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফ হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.