Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে আইপিএল নিয়ে জুয়া

চুনারুঘাট প্রতিনিধি |  ১৮ মে, ২০২৩

মাঠে খেলে দুই দল। তৃতীয় পক্ষ খেলে মাঠের বাইরে। আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলা হয় ভারতে। বাজিতে লাখ লাখ টাকা উড়ছে হবিগঞ্জের চুনারুঘাটে। এই উপজেলায় ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইপিএল খেলাকে ঘিরে চলছে জমজমাট জুয়া (বাজি)। এই আইপিএল জুয়া যেন যুব সমাজের একটি নেশায় পরিণত হয়েছে।

এই খেলায় জুয়া (বাজি) খেলে অনেকেই সর্বস্বান্ত। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রসহ এক শ্রেণীর লোকজন এই জুয়া (বাজি) খেলায় জড়িয়ে পড়ছেন। শহর থেকে এই খেলা গ্রামাঞ্চলেও ছড়াচ্ছে।

এই খেলায় বেশিরভাগ লেনদেন হয়ে থাকে  মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। আইপিএল পৃথিবীর জনপ্রিয় ক্রিকেট লিগ হওয়াতে সব দেশের ক্রিকেটাররা এখানে মিলিত হন। এই লীগ শুরু হওয়ার সাথে সাথে ক্রিকেট প্রেমীদের মাঝে শুরু হয় উন্মাদনা। যারা ক্রিকেট সম্পর্কে বুঝেন তারাই বেশিরভাগ এই জুয়ায় জড়িত হন।

তাছাড়া ক্রিকেট সম্পর্কে ন্যুনতম ধারণাও নেই তারাও জুয়ার নেশায় জড়িয়ে পড়ছে। চায়ের দোকান, মুদি দোকান, হোটেল,  সেলুন, পাড়া মহল্লাসহ  বিভিন্ন জায়গায় বেপরোয়া ভাবে চলছে আইপিএল বাজি। এতে সমাজের শিক্ষিত অভিজাত ছাড়িয়ে গাড়ির ড্রাইভার, ফল বিক্রেতা, হোটেল কর্মচারী, নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন নিম্ন পেশার লোকজন জড়িয়ে পড়ছে। বাদ পড়ছে না স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরাও।

চুনারঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড, উত্তর বাজার, আসামপাড়া রোড, গুচ্ছগ্রাম, পশ্চিম পাকুড়িয়ার ছ'মিল  সংলগ্ন স্থানসহ বিভিন্ন পয়েন্টে টিভিতে খেলা দেখার পাশাপাশি চলছে এই জুয়ার জমজমাট আড্ডা। এতে করে ধ্বংসের দিকে এগুচ্ছে যুবসমাজ, হচ্ছে সামাজিক অবক্ষয়।

এই বিষয়ে জানতে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হকের সাথে কথা হলে তিনি জানান, আইপিএল খেলাকে ঘিরে পুলিশ  তৎপর। খোঁজ খবর নিয়ে অভিযান পরিচালিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.