Sylhet Today 24 PRINT

কালবৈশাখী ঝড়ে পড়া বসন্তবৌরি উদ্ধার করলো আয়রা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মে, ২০২৩

গত মঙ্গলবার বিকালে কালবৈশাখী ঝড়ে কাঁঠাল ও নিম গাছের ডাল ভেঙে পড়ে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সিলেট নগরীর হাউজিং এস্টেটের বাসায়। কাঁঠাল গাছের খোড়লে বাসা ছিল একজোড়া বসন্তবৌরি পাখি। ঝড়ের তাণ্ডবে খোড়ল ভেঙ্গে কাঁঠালের ডাল পড়ে রাস্তায়।

এ সময় পাখিদুটোকে পড়ে থাকতে দেখা যায়। ঝড় থামলেও তখনও অঝোরে বৃষ্টি হচ্ছে। দো'তালার বারান্দা থেকে পাখিদুটো দেখতে পায় আব্দুল করিম কিমের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে আয়রা আমারা চৌধুরী। কিন্তু পাখি উদ্ধারে নিচে নামতে নামতে একটা পাখি নিয়ে দৌড় চলে যায় এক পথচারী। একটি আহত‌ পাখি পায় আয়রা। পায়ে চোট পাওয়া পাখিটি নিয়ে ঘরে আসে সে। 

একদিন পরিচর্যার পর আহত পাখিটিকে গত বুধবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার-এর কাছে হস্তান্তর করা হয়। আহত বসন্তবৌরি'টি প্রাধিকার-এর পক্ষে গ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা ভ্যাটেনারি সার্জন ও সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়।

আব্দুল করিম কিম  বলেন, বসন্তবৌরিকে বসন্তকালেই বেশী দেখা যায়। বসন্তবৌরি সুন্দর পাখি। এরা গাছের ডালে বসে ‘পুক্রক-পুক্রক-পুক্রক’ করে তিনবার থেমে থেমে ডাকে। এদের ডাক অনেক দূর থেকে ভেসে আসে। গাছের মগডালে অথবা কোন গাছের সবুজ পাতার আড়াল থেকে অবিরত ডেকে চলে বসন্তবৌরি।

বসন্তবৌরির ইংরেজি নাম Blue Throat Barbet বৈজ্ঞানিক নাম Megalaima asiatica, বসন্তবৌরি হচ্ছে Capitonidae গোষ্ঠীর পাখি।

এই পাখিটি ঝড়ের কারণে হয়তো কাঁঠাল গাছের এই খোড়লে আশ্রয় নিয়েছিল কিন্তু ঝরে ডালটি ভেঙ্গে পড়ায় পাখিটি পায়ে চোট পায়। চিকিৎসা শেষে প্রাধিকারের কর্মীরা পাখিটিকে প্রকৃতিতে অবমুক্ত করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.