Sylhet Today 24 PRINT

আরিফকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০২৩

সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ ব্যাপারে ২০ মে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে ঘোষণা দেবেন- এমনটি আগেই জানিয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশের জন্য অনুমতি চেয়ে সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি। তবে আরিফকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

এ ব্যাপারে শুক্রবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, মেয়র মহোদয় রেজস্ট্রারি মাঠে শনিবার সমাবেশ করার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিলেন। তবে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই শঙ্কায় তাকে সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছে।


এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে মেয়রের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, পুলিশের পক্ষ থেকে সমাবেশ না করতে বলা হয়েছে। তবে মেয়র মহোদয় নির্ধারিত স্থানেই সমাবেশ করবেন।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতুহল আরো বাড়িয়েছে।

এ অবস্থায় শনিবার বেলা ২টায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ আহ্বান করেন আরিফুল হক। এই সমাবেশ থেকে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কারের কথাও জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.