Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় উদয়ন ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ মে, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন ঝড়ে ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেল লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমদ জানান, দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.