মাধবপুর প্রতিনিধি: | ২২ মে, ২০২৩
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে মো. মোজাহিদ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহিদ একই উপজেলার গোবিন্দপুর গ্রামের হাজী বাড়ির সৌদি আরব প্রবাসী মো. জাকির হোসেন অরফে মার্জিনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মোজাহিদ দুই দিন আগে তার মায়ের সঙ্গে দুর্গাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার ভাসমান দেহ উদ্ধার করে। এরপর তার নিথর দেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ পারুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।