Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে মিয়াধন মিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

বানিয়াচং প্রতিনিধি |  ২৬ মে, ২০২৩

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রসারে সরকার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) ভাটি অঞ্চল খ্যাত আজমিরীগঞ্জের নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মিয়া ধন মিয়া উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন শুভ উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামীর দেশ গড়ার কারিগর। কাজেই আগামীতে বঙ্গবন্ধু’র স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে লেখাপড়ায় মনোযোগী হয়ে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে।

এমপি মজিদ খান আরও বলেন, সকল ক্ষেত্রের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকার অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেলিম খোকন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বিআরডিবি চেয়ারম্যান নজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন তালুকদার, ১নং সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারুল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.