Sylhet Today 24 PRINT

জমির মালিকানা নিয়ে বিরোধ, চুনারুঘাটে স্কুলে ভাঙচুর

চুনারুঘাট প্রতিনিধি |  ২৬ মে, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল ফাতেহা খাতুন একাডেমি নামে একটি স্কুলে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা ফাতেহা খাতুন তালুকদার জানান, স্কুলটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। সে সময় স্কুল প্রতিষ্ঠার জন্য বাড়ির সামনে তার স্বামী দুলাল মিয়ার নিকট থেকে ১০ শতক জমি ক্রয় করেন। এরআগে প্রায় ৩৮ বছর পূর্বে তার শ্বশুর মরহুম সিরাজ উদ্দিন আহমেদের কাছ থেকে ভাগ বাটোয়ারা-মূলে তার স্বামী দুলাল উদ্দিন সেই জমি প্রাপ্ত হন। সেই শুরু থেকেই ফাতেহা খাতুন একাডেমি নামে স্কুল চালু হয়। দীর্ঘ ৭ বছর পর সেই স্কুলের নাম পরিবর্তনের দাবি করে বাকবিতণ্ডা হয় ভাসুর মহসিন ও অপর ভাসুরপুত্র লিংকনের সাথে।

তিনি জানান, এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে হামলা করেছে মহসিন লিংকনসহ তাদের লোকজন। তাদের ভাষ্য, ওই জায়গা দান করেননি মরহুম সিরাজ উদ্দিন আহমেদ একই সাথে ফাতেহা খাতুন একাডেমি নাম পরিবর্তন করে লিংকনের দাদা সিরাজ উদ্দিনের নাম রাখার দাবি করেন।

এদিকে, জমির মালিকানা দাবি করা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যালয়ের হামলা ভাঙচুর করার অভিযোগে শুক্রবার (২৬ মে) বিকেল ৩ টায় প্রধান শিক্ষিকা ফাতেহা খাতুন তালুকদার থানায় অভিযোগ দেন।

তিনি জানান, স্বামীর সংসারের পাশাপাশি শিক্ষার আলো গ্রামের সবার মধ্যে ছড়িয়ে দিতে ২০১৫ সালে ৩০ জন ছাত্রছাত্রীকে নিয়ে স্কুলটি ফাতেহা খাতুন একাডেমি নামে চালু করি। বর্তমানে এ স্কুলে শিক্ষার্থী ১০৭ জন ও প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষক রয়েছেন।

তিনি বলেন, অনেক সময় শিক্ষকদের বেতনও দিতে পারি না, হিমশিম খেতে হচ্ছে আমাকে। এর মধ্যে ওই চক্রটি ষড়যন্ত্র করছে স্কুলটি ধ্বংস করে দিতে। এমনকি লিংকনসহ তার লোকজন একাধিকবার মারপিটও করেছে আমাকে। এখন তারা স্কুলের সবার স্থান ভেঙে দিছে। এখন কোথায় বসবে সোনামণিরা; এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন স্কুলের প্রধান শিক্ষিকা।

তিনি আরও বলেন, স্কুলের বাচ্চারা তাদের তাণ্ডবে আতঙ্কে রয়েছে। অনেকেই তাদের ভয়ে স্কুলে আসতে চায় না।

জমির মালিক ও তার স্বামী দুলাল উদ্দিন বলেন, ওই গ্রামের লোকজন চেষ্টা করেও একটি স্কুল প্রতিষ্ঠা করতে পারছিলেন না। আমার স্ত্রীকে আমি ১০ শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছি সেই জমিতে আমার স্ত্রী অনেক কষ্টের বিনিময় তার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা নিয়ে স্কুল তৈরি করে। নাম রাখা হয় ফাতেহা খাতুন একাডেমি। ভাই ভাতিজাদের ষড়যন্ত্রে স্কুলটি রক্ষা করতে পারছি না, বার বার তারা হামলা করে ক্ষতিগ্রস্ত করছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক এসআই অজিত কুমার তালুকদার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.