Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

বানিয়াচং প্রতিনিধি |  ২৬ মে, ২০২৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকাল চারটার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।

এমপি মজিদ খান আরও বলেন, বর্তমান সরকার এই ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করতে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা সপ্তাহে সেবা গ্রহীতারা উপজেলা ভূমি অফিসের সেবা বুথে এসে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন এটা সরকারের সফলতারই একটা অংশ।

জনসচেতনতামূলক সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.