Sylhet Today 24 PRINT

রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

কুলাউড়া প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৬

রাজনগরে মাদ্রাসার মাটি ভরাটকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আলেকজান বিবি (৫৫) নামে এক বিধবা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান (৪০)। বুধাবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পাঁচগাঁও সরকারবাজার মাদ্রাসার মাটি ভরাটকে কেন্দ্র করে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও মাদ্রাসার সভাপতি আব্দুল বশিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় সভাপতির ছেলে ধারালো দা নিয়ে মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নানের বাড়িতে হামলা চালায়। ওই হামলায় শিক্ষক হান্নানের খালা আলেকজান বিবি দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান। এসময় আব্দুল হান্নানও আহত হন। নিহত আলেকজান একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মৃত জাম্বুরা মিয়া’র স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন এবং স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি পাঁচগাঁওয়ে বাপের বাড়িতে থাকতেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেত রাত ৮টায় মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আলেকজানের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.