শ্রীমঙ্গল প্রতিনিধি | ৩১ মে, ২০২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুন'স ড্রিম রেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অনৈতিক কাজে সুযোগ দেওয়ার অপরাধে রেস্ট হাউজের ম্যানেজার ও পরিচালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩ ঘটিকায় শহরের ভানুগাছ সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এই রেস্ট হাউজে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
রেস্ট হাউজ কোন লাইসেন্স এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। তাছাড়া মোবাইল কোর্ট পরিচালনা কালে রেস্ট হাউজে অনৈতিক কার্যক্রম চলার প্রমাণ পাওয়া যাওয়ায় রেস্ট হাউজের মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সকল অপরাধ স্বীকার করেন।
রেস্ট হাউজের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রয়োজনীয় সকল দলিলাদি ছাড়া রেস্ট হাউজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম।