Sylhet Today 24 PRINT

ভাতিজাদের হামলায় আহত চাচা ৩ মাস চিকিৎসাধীন থেকে মারা গেছেন

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ৩১ মে, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে সালিশ বৈঠক চলাকালীন ভাতিজাদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ চাচা সিরাজ উদ্দিন (৭৫) প্রায় ৩ মাস চিকিৎসাধীন থেকে মারা গেছেন।

মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামি এখনো পলাতক রয়েছে।’

নিহত বৃদ্ধ সিরাজ উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের বাসিন্দা।

গত ১ মার্চ রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শালিস বৈঠক চলাকালীন কথা-কাটাকাটির এক পর্যায়ে নিহত বৃদ্ধের ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ উদ্দিনের ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন তিনি। পিতাকে বাঁচাতে ছেলে জাকির আহমদ (২৭) এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করে আহত করা হয়। এসময় তাদের চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন।

এঘটনায় আহত জাকির আহমদ (২৭) বাদী হয়ে দুইজনকে আসামি করে ঘটনার দুই দিন পর ৩ মার্চ রাতে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি আজির উদ্দিনের ছেলে ছালেহ আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.