Sylhet Today 24 PRINT

এমপি মোকাব্বিরের গাড়িতে হামলা, আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

বিশ্বনাথ প্রতিনিধি: |  ৩১ মে, ২০২৩

সিলেটের বিশ্বনাথে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আওয়ামী লীগ নেতার দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওই আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ।

বুধবার সিলেটের দ্রুতবিচার সিনিয়র আদালত-১ এ রায় ঘোষণা দেন। এছাড়াও তার বিরুদ্ধে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মামলা থেকে বাকি আরও চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পৌর আওয়ামী লীগের সদস্য জোনাব আলী, দবির মিয়া ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও এমপির এপিএস অসিত রঞ্জন দেব।

উল্লেখ্য, গত ২০২০ সালে ১১ আগস্ট দুপুরে বিশ্বনাথ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করতে গেলে স্থানীয় এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হয়ে দ্রুতবিচার আইনে ওই মামলাটি দায়ের করেন। আর এ মামলায় প্রধান আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদসহ ওই ৫ জনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.