Sylhet Today 24 PRINT

নির্বাচনী প্রচারণায় পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা কিমের

নির্বাচনী প্রচারে পোস্টার পলিথিনে না মোড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুন, ২০২৩

গত ২ জুন প্রতীক বরাদ্দের পর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এখন জোরেশোরে করছেন প্রচার প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে নগরীর  বিভিন্ন এলাকা। তবে বৃষ্টি আতঙ্কে সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার প্রায় সব পাড়া-মহল্লায় পলিথিনে মোড়ানো পোস্টার টানানোর প্রতিযোগিতা চলছে।

তবে পরিবেশ দূষণের কথা চিন্তা করে এই প্রতিযোগিতায় নাম লেখাননি নগরীর  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক  আব্দুল করিম চৌধুরী কিম। আসন্ন নির্বাচনে তিনি রেডিও মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (৫ জুন) নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পরপরই মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা সুতোয় বেধে বিভিন্ন সড়কের উপর পোষ্টার লাগান। তবে যারা পোস্টারে পলিথিন মোড়াননি শনিবার সকালের বৃষ্টিতে তাদের  নির্বাচনী পোস্টার নষ্ট হয়ে যায়।

এই বৃষ্টিতে  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী  আব্দুল করিম চৌধুরী কিমের পোস্টারও নষ্ট হয়ে যায়। তবে বৃষ্টিতে নষ্ট হলেও তিনি পোস্টের পলিথিন মোড়াবেন না বলে জানান।

আব্দুল করিম চৌধুরী কিম বলেন, পরিবেশের জন্য চরম ক্ষতিকর পলিথিন। এসব পলিথিন পচনশীল না হওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতাও তৈরি করবে। চলমান এই বর্ষার সময় এসব পরিত্যক্ত পলিথিন জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। তাই একজন পরিবেশ কর্মী ও জনগণের হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আর্থিক ক্ষতি ও কষ্ট হলেও আমি আমার নির্বাচনী পোস্টর পলিথিনে মোড়াবো না।

উল্লেখ্য, এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে পলিথিনের ব্যবহার বন্ধে একজন আইনজীবীর উচ্চ আদালতে রিটের আদেশে যে কোনো নির্বাচনী প্রচারণায় লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে সারা দেশে লেমিনেটেড পোস্টার তৈরি ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেওয়া হয়। অথচ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অবাধে টানানো হচ্ছে পলিথিনে মোড়ানো পোস্টার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.