Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুন, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে ৩ টেলিভিশন সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা।

রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। মানববন্ধনে অংশ নিয়ে একাত্ততা প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, গত ১৭ মে চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন টেলিভিশন সাংবাদিক বালুখেকুদের হামলার শিকার হন। এ ঘটনায় মামলা দায়ের করার ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ একজন আসামীকেও গ্রেপ্তার করেনি।

দ্রুত আসামীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.