Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার জামায়াতের আমীর কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০১৬

বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল ও ফাঁসিতে দন্ডিত আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামী গত নভেম্বর মাসে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। এতে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত আমীর ফয়জুল ইসলামকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আরো ৫টি মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবের আহমদ ফয়জুল ইসলামকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.