Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ৪ দিন পর ভেসে উঠলো কুশিয়ারা নদীতে নিঁখোজ যুবকের লাশ

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০১৬

গত ২ জানুয়ারি (শনিবার) রাতে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর এলাকায় কুশিয়ারা নদীতে মাছ ধরতে নিঁখোজ হন আবুল কালাম চৌধুরী (৪৫)। ভারতীয় বিএসএফের স্পিড বোটের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। ৪ দিন পর বৃহস্পতিবার সকালে কুশিয়ারা নদীর ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে পুরাতন লঞ্চঘাট এলাকায় পানিতে ভেসে উঠে কালাম চৌধুরীর মরদেহ।

পারিবারিক সূত্রে জানা যায়, চার সন্তানের জনক কালাম চৌধুরী শনিবার রাতে সখের বশে নৌকা নিয়া সীমান্ত নদী কুশিয়ারায় মাছ ধরতে যান। এক পর্যায়ে তারা যৌথ নদী সীমানা পেরিয়ে আন্তার্জাতিক আইন লঙ্গন করে ভারতের অংশে গিয়ে মাছ ধরতে শুরু করেন। রাত প্রায় সাড়ে এগারোটার পর ভারতীয় বিএসএফের একটি টহল দল স্পিড বোট দিয়ে টহলকালে ওই মাছ শিকারের নৌকাকে ধাক্কা দিলে নৌকায় থাকা কালাম চৌধুরী ও তজম্মুল চৌধুরী কুশিয়ারা নদীতে পড়ে যান। এসময় তজম্মুল চৌধুরী তছলু সাতরে উপরে আসতে সক্ষম হলেও কালাম চৌধুরী পানিতে ডুবে যান।

তাৎক্ষণিক বিষয়টি সোনাপুর ক্যাম্পের বিজিবি, জকিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করলে রবিবার দুপুরে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের আলোচনা শেষে বিকাল ৩ টায় ভারতীয় বিএসএফ কুশিয়ারা নদীর তাদের সীমানায় ঢুকে লাশ খুজার অনুমতি দেন।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাদের অভিযান শুরু করে সন্ধ্যা পর্যন্ত পানির নীচে কালাম চৌধুরীর লাশ না পয়ে সন্ধ্যা সাতটায় প্রচন্ড শীতের অযুহাত দেখিয়ে অভিযান বন্ধ করে রাতে সিলেটে ফিরে যায়। তখন এলাকার লোকজন জাল দিয়ে লাশ খুজতে শুরু করেন। দীর্ঘ চার দিন পর অবশেষে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় আধা কি.মি পশ্চিমে কালাম চৌধুরীর লাশ ভেসে উঠে।

কালাম চৌধুরী উপজেলার পশ্চিম জামডহর গ্রামের সখাই মিয়া চৌধুরীর ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.