Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, একপক্ষে লাঠি হাতে যুবদল নেতা

জুড়ী প্রতিনিধি: |  ০৮ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষে এক যুবদল নেতাকে লাঠি হাতে দেখা গেছে। ওই নেতা তা স্বীকারও করেছেন।

আধিপত্য বিস্তার নিয়ে বুধবার উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। দা, চাপাতি ছাড়াও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মীরা।

এ ঘটনার ভিডিওতে দেখা যায়, ইকবালের অনুসারী নেতাকর্মীর সঙ্গে লাঠি হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান হোসেন। এ সময় লাঠি হাতে নিয়ে তাকে বারবার ছাত্রলীগের অপর পক্ষের নেতাকর্মীর ওপর হামলা করার জন্য দৌড়াতে দেখা যায়। সুলেমান ২০২০ সালে গঠিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা জানান, সুলেমান সংঘর্ষে জড়িত বলে তিনিও ভিডিওতে দেখেছেন। ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষে তিনি কোনোভাবেই জড়িত হতে পারেন না। এটি সংগঠনের নিয়মবহির্ভূত। তিনি ঊর্ধ্বতন নেতাদের বিষয়টি অবগত করেছেন। তাঁরা তদন্ত করে দেখবেন।

সুলেমান ছাত্রলীগের সংঘর্ষে থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমার ওয়ার্কশপের সামনে তারা মারামারি করছে দেখে আমি তাদের থামাতে যাই। একজনের হাতে থাকা লাঠি ছিল সেটি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.