Sylhet Today 24 PRINT

সরকারি রাস্তার পাশ থেকে ১৪টি গাছ কর্তন, ‘লেখালেখি’ না করার অনুরোধ অভিযুক্তের

মাধবপুর প্রতিনিধি |  ০৯ জুন, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তার পাশ থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে ১৪টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে তানভীর নামে এক ব্যক্তি শ্রমিক দিয়ে গাছগুলো কেটে নিয়ে যান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী কালিকাপুর-আলীনগর মোড়া বাড়ির নিকট সরকারি রাস্তার পাশ থেকে ১৪টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় কালিকাপুর গ্রামের মৃত আব্দুল আলি মাস্টারের ছেলে তানভীর আহমেদ।

তানভীরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, কয়েক বছর আগে রাস্তার পাশে আমাদের নিজস্ব জমিতে পরিবারের পক্ষ থেকে গাছগুলো লাগিয়েছেন বলে দাবি করেন।

তিনি বলেন, এখন গাছগুলো মোটামুটি বড় হয়েছে, পরিবারের প্রয়োজনে ঘরের ফার্নিচার বানানোর জন্য আমরা কয়েকটি গাছ কেটেছি।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি এ ব্যাপারে ‘লেখালেখি’ না করতে এ প্রতিবেদককে অনুরোধ করেন।

মাধবপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী শাহ আলম জানান, এ ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.