Sylhet Today 24 PRINT

সিলেটে ইভিএম নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২৩

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে সিলেটে ব্যাপক প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রচারণার মধ্যদিয়ে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান জানান, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। যেখানে ইভিএম এর যাবতীয় বিষয় সম্পর্কে জানানো হচ্ছে। এছাড়া ওয়ার্ডগুলোতে গত ৭ জুন থেকে ডেমো ভোটের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট সিটি করপোরেশনে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

সিটি করপোরেশনের সাবেক ২৭টিসহ বর্তমান ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০ টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭ টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫ টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.